দীর্ঘসময় ধরে বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। এরপর থেকেই ভারতীয় ভিসাকেন্দ্রগুলোয় বাংলাদেশিদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এ অবস্থায় ভিসা আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। গতকাল ঢাকার ভারতীয় হাইকমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘বিভিন্ন উদ্দেশ্যে ভারত ভ্রমণ করতে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া বিপুল সাড়ায় আমরা সত্যিই উৎসাহিত। আমরা আমাদের ভিসা পরিষেবাগুলো বিস্তৃতকরণ ও আবেদন প্রক্রিয়াকে আরও সাবলীল ও সুবিধাজনক করে তোলার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছি। এ সময়ে আপনাদের ধৈর্য ও সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।’
হাইকমিশনের বিশেষ বার্তায় আরও বলা হয়, ভারতীয় হাইকমিশন ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও নিবিড় করতে প্রতিশ্রুতিবদ্ধ।