দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
নেত্রকোনায় সাংগঠনিক সফরকালে গতকাল সকালে সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, ‘দেশের এক ইঞ্চি মাটির ওপরও কাউকে আগ্রাসন চালাতে দেওয়া হবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক ইঞ্চিও ছাড় দেব না। সীমান্ত রক্ষার দায়িত্বে বিজিবি রয়েছে। তবে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে শুধু বিজিবি নয়, প্রতিটি নাগরিকও দেশপ্রেম নিয়ে সীমান্তে দাঁড়াবে। বিজিবি থাকবে অস্ত্র নিয়ে আর জনগণ থাকবে দেশপ্রেম নিয়ে।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশের স্বাধীনতা, সীমান্ত ও জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় স্বার্থের বিষয়ে আপসের কোনো সুযোগ নেই।’
এ সময় তিনি আরও বলেন, ‘সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সংসদে বিল এনেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মানে নির্মূল নয়, কিছুটা কমিয়ে রাখা। আমরা নির্মূল করতে চাই। কারণ মাদক লালন করে সমাজকে নষ্ট করা হচ্ছে। যা নির্মূল না করলে আর ঠিক হবে না। সংসদে সেদিন একজন সদস্য বলেছেন, দেশে মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়ে, উনি জানেন না? আমরা দেখতে চাই তাঁর মন্ত্রণালয়ের দায়িত্বটা তাঁর বাড়ি থেকে শুরু হোক।’
সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেখতে দেখতে সমাজটা নষ্ট ও ধ্বংস হয়ে যাচ্ছে; আর তারা বলে যে আগের চেয়ে আইনশৃঙ্খলা ভালো হয়েছে।’
জেলা জামায়াত আমির মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে জেলা সহকারী সেক্রেটারি জহিরুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জামায়াতের সংসদ সদস্য মাসুম মোস্তফা, জেলা নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান ও জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা কামাল উদ্দিন।
নেত্রকোনা সার্কিট হাউসে জেলার সার্বিক চিত্র নিয়ে মতবিনিময় শেষে শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ডা. শফিকুর রহমান।