বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন, ‘মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের জন্য সুসংবাদ, এই বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। বিগত ২০ বছরে দেশের যে পরিমাণ ক্ষতি হয়েছে, দেশ পিছিয়ে গেছে, আগামী ৫ বছর কাজের মাধ্যমে আমরা সেই ক্ষতি পূরণ করে দিয়ে যেতে চাই।’ গতকাল দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জে নিজ এলাকায় উপজেলা প্রসাশন, প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে গরিব-অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা যে অবস্থানে ছিলাম তার থেকে আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে। আপনারা শুনে খুশি হবেন, আমরা ইতোমধ্যে সব প্রোগ্রাম হাতে নিয়েছি।’
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ শাহজামান খান তুহিন। আলোচনা সভা শেষে অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়।