জাতীয় পার্টির একাংশের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, রাজনীতিতেও প্রতিহিংসা ও বিভাজনের রাজনীতি পরিহার করতে হবে। তিনি বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রতিহিংসামুক্ত রাজনীতি করার কথা বলেছেন। আমরা বিশ্বাস করি, অতীত থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি থেকে প্রতিহিংসা, জিঘাংসা ও প্রতিশোধপরায়ণতা দূর করা সম্ভব হবে। গতকাল রাজধানীর গুলশানে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে আয়োজিত এক সভায় একথা বলেন সাবেক এ মন্ত্রী।
এ বি এম রুহুল আমিন হাওলাদার নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, দলমতনির্বিশেষে সবাইকে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। এমন একটি বাংলাদেশ, যা হবে সাম্য, প্রগতি, ইসলামী মূল্যবোধ, আধুনিকতা ও উন্নয়নের আদর্শে সমৃদ্ধ। সভায় ১৪ জুলাই পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে বিস্তর আলোচনা করা হয়। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।