নোয়াখালীর চাটখিলে পরকীয়া করে বিয়ে এবং পরে সন্তান অপহরণের চেষ্টার মামলায় ওয়ারেন্টভুক্ত এক নারীকে আটক করেছে পুলিশ।
আটক নার্গিস আক্তার মুক্তা (৩৫) উপজেলার ভীমপুর গ্রামের গোলাম মোস্তফার মেয়ে। গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে চাটখিল থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, প্রায় ১৩ বছর সংসার করার পর ব্যবসায়ী স্বামী মাহমুদুল হক ভূইয়াকে ছেড়ে তিন সন্তান রেখে বিবাহিত প্রেমিক মিজানুর রহমান মিঠুর সঙ্গে পালিয়ে বিয়ে করেন মুক্তা। এ ঘটনায় তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে।
পরবর্তীতে দ্বিতীয় স্বামীর পরামর্শে অর্থের লোভে মুক্তা ও তার সহযোগীরা চট্টগ্রামের একটি স্কুলের সামনে থেকে নিজের সন্তানদের অপহরণের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মাহমুদুল হক ভূইয়া বাদী হয়ে চট্টগ্রাম আদালতে মামলা করেন। মামলার তদন্ত শেষে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ প্রতিবেদন জমা দিলে মুক্তা ওয়ারেন্টভুক্ত আসামি হন এবং দীর্ঘদিন পলাতক ছিলেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানান, আটক করার পর সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাকে জামিন দিয়েছেন বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ