পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় করতোয়া নদী থেকে বালু তোলার সময় পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন মর্টার শেল উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার দেবনগড় ইউনিয়নের ময়নাগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বাংলার চর নামক স্থানের করতোয়া নদী থেকে মর্টাল শেলটি উদ্ধার করা হয়। মর্টার শেলটি ৮২ মিলিমিটারের।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ময়নাগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের মেইন পিলার ৪২৫ থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাংলার চর নামক স্থানে করতোয়া নদী থেকে শ্রমিকরা বালু তোলার সময় ৮২ মিলিমিটারের মর্টার শেলটি দেখতে পান। তাদের দাবি, শেলটি বালুর সঙ্গে উঠে আসে। পরে বিজিবির সহায়তায় পুলিশ মর্টাল শেলটি নিরাপদ স্থানে রাখে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মর্টাল শেলটি নিরাপদে রাখা হয়েছে। একইসঙ্গে বিষয়টি আদালতকে অবগত করা হয়েছে। আদালতের নির্দেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণসহ সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে অবগত করা হবে সেটি নিষ্ক্রিয় করতে।
বিডি প্রতিদিন/কেএইচটি