ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরের কুট্টাপাড়া খেলার মাঠে তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে- এ জনসভায় প্রায় পাঁচ থেকে সাত লাখ মানুষের সমাগম হতে পারে।
ইতোমধ্যে কুট্টাপাড়া খেলার মাঠজুড়ে প্রায় দুই একর জায়গা জুড়ে বিশাল মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন শুধু দলের শীর্ষ নেতার আগমনের অপেক্ষা। দীর্ঘদিন পর ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিএনপির দলীয় প্রধানের সরাসরি উপস্থিতিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উত্তেজনা বিরাজ করছে। জনসভাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।
জেলার ৯টি উপজেলা থেকে ইতোমধ্যে বিএনপির নেতাকর্মীরা সরাইলে আসতে শুরু করেছেন। উপজেলা বিএনপির নেতারা জানান, তারেক রহমানের এই জনসভাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতির প্রত্যাশা করা হচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান হওয়ার পর এই প্রথম ব্রাহ্মণবাড়িয়া জেলায় জনসভার অংশ নিচ্ছেন তারেক রহমান। জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই জনসভাকে ঘিরে নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। ইতোমধ্যে জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা একাধিকবার কুট্টাপাড়া খেলার মাঠ পরিদর্শন করেছেন।
জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের এটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রথম জনসভা। এর আগে তিনি দলের যুগ্ম মহাসচিব থাকাকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে একটি পথসভা করেছিলেন।
তিনি আরও জানান, আজকের জনসভায় তারেক রহমান জেলার ছয়টি সংসদীয় আসনের বিএনপি ও জোটের প্রার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। পাশাপাশি জেলার শীর্ষ পর্যায়ের নেতারাও এ সভায় উপস্থিত থাকবেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ