বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত নরসিংদী জেলা বিএনপি। এ উপলক্ষে আধুনিক প্রযুক্তিসম্পন্ন একটি সুবিশাল ডিজিটাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। নির্ধারিত পথসভা ইতোমধ্যে জনসভায় রূপ নিয়েছে বলে জানিয়েছেন দলীয় নেতারা।
সভাস্থল ও তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সিএসএফ, পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি জেলা বিএনপির প্রায় সাতশ’ শৃঙ্খলা কমিটির স্বেচ্ছাসেবকসহ সহস্রাধিক ব্যক্তি দায়িত্ব পালন করছেন।
জনসভাকে সফল করতে জেলার প্রতিটি পাড়া-মহল্লায় মাইকিং, লিফলেট বিতরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালাচ্ছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে নরসিংদী জেলা বিএনপির চিনিশপুর কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির যুগ্ম মহাসচিব, সাবেক সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি এবং নরসিংদী-১ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন।
সংবাদ সম্মেলন শেষে খায়রুল কবির খোকনের নেতৃত্বে বিএনপির ঊর্ধ্বতন নেতারা ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন পৌরপার্ক এলাকার সভাস্থল পরিদর্শন করেন।
এদিকে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নরসিংদী জনসভাকে কেন্দ্র করে জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। একই সঙ্গে তারেক রহমানকে এক নজর দেখার অপেক্ষায় রয়েছেন নরসিংদীর সর্বস্তরের সাধারণ মানুষ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের ধানের শীষের প্রার্থী মঞ্জুর এলাহী, সহ-সভাপতি বিজি নওশের ও ভিপি জলিল, সহ-সভাপতি গোলাম কবির কামাল ও ফারুক উদ্দিন ভূইয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি খবিরুল ইসলাম, মাজহারুল ইসলাম টিপু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, জাহিদুল ইসলাম, নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি ইলিয়াস হোসেন, চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লাসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/জামশেদ