লক্ষ্মীপুর-৪ আসনের বিএনপি প্রার্থী এবিএম আশরাফ উদদিন নিজান বলেছেন, ‘আগামী নির্বাচনে ধানের শীষ জয়ী হলে রামগতি-কমলনগর উপজেলা হবে হামলা-মামলা ও রাজনৈতিক প্রতিহিংসামুক্ত।’
শনিবার বিকেলে কমলনগর উপজেলার চর লরেন্স উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনি জনসভায় তিন এ কথা বলেন।
আশরাফ উদদিন নিজান বলেন, ‘বর্তমানে নির্বাচনে অংশগ্রহণকারীদের সঙ্গে আমরা গত পনেরো বছর একত্রে জেল খেটেছি, জুলুম-নির্যাতনের শিকার হয়েছি। আজকে যদি আমরা এমপি, মন্ত্রী হওয়ার জন্য নির্বাচনি প্রতিযোগিতাকে প্রতিহিংসায় নিয়ে যাই, তাহলে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা নষ্ট হবে।’
তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে ধানের শীষ জয়ী হলে জননেতা তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়ন হবে। তিনি দেশের মা-বোনদের জন্য স্বাস্থ্য কার্ড, দুস্থ অসহায় পরিবারের জন্য ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলেছেন। এ সময় তিনি দলমতের ঊর্ধ্বে মাদকের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দেন।’
সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু, লন্ডন বিএনপি নেতা অ্যাডভোকেট নুর উদ্দীন, মিডিয়া ম্যানেজার রেজাউল করিম, বিএনপির সদস্য নুরুল ইসলামসহ অন্যরা।
অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।
বিডি-প্রতিদিন/এমই