ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবীর বলেছেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হলে সব শ্রেণি-পেশার মানুষ তাদের অধিকার ফিরে পাবে।
শনিবার সন্ধ্যায় ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পেচারকান্দা বাজারে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
এস এ জিন্নাহ কবীর বলেন, ধানের শীষ হচ্ছে জিয়াউর রহমানের প্রতীক, তারেক রহমানের প্রতীক, বিএনপির প্রতীক এবং এ দেশের মানুষের প্রতীক। যারা মানুষের সরলতার সুযোগ নিয়ে বেহেশতের টিকিট বিক্রি করছে, তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, যারা স্বাধীনতার সময় দেশের মানুষের বিরুদ্ধে ছিল, তারাই আবার মাঠে নেমে মানুষকে বিভ্রান্ত করছে।
তিনি অভিযোগ করেন, যারা সারাজীবন বিএনপির বিরুদ্ধে ছিল এবং প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে নির্বাচন করেছে, তারাই আজ বিএনপির ক্ষতি করতে চায় এবং নির্বাচনে বিএনপিকে পরাজিত করার অপচেষ্টা চালাচ্ছে। একমাত্র ধানের শীষই বিএনপি ও জনগণের প্রতীক বলে মন্তব্য করেন তিনি।
এ সময় জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মানিকুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী মিস্টারসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য দেন। পথসভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ছিল। পরে এস এ জিন্নাহ কবীর ঘিওরের কুস্তা এলাকায় আরেকটি সমাবেশে যোগ দেন।
বিডি প্রতিদিন/হিমেল