সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও নোয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ভোটারদের জনসমুদ্রই বলে দিচ্ছে আগামীর প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।
শনিবার সন্ধ্যায় নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পরকোট ইউনিয়ন বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
মাহবুব উদ্দিন খোকন বলেন, দেশে গত ১৭ বছর গণতন্ত্র ছিল না, ফলে সুষ্ঠু ভোটও হয়নি। আগামী ১২ তারিখ দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন অপেক্ষা করছে। এই নির্বাচন না হলে সুষ্ঠু গণতন্ত্র ব্যাহত হবে। দীর্ঘদিন বিএনপির দায়িত্বে থাকা বেগম খালেদা জিয়া কখনো আপোস বা অন্যায় করেননি বলেই তিনি গণতন্ত্রের মানসকন্যা হিসেবে পরিচিত।
তিনি বলেন, তিনি সংসদ সদস্য থাকাকালে এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, মসজিদ, বিদ্যুৎ এবং ইউনিয়ন পরিষদ ভবন তার হাতেই গড়ে উঠেছে। এজন্য মানুষ তাকে উন্নয়নের রূপকার বলে। আবার নির্বাচিত হলে এলাকার অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করবেন বলেও আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, একটি দল ধর্মকে পুঁজি করে বিভ্রান্তি ছড়াচ্ছে। এতে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচিত হলে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও সংখ্যালঘু নির্যাতনের কোনো স্থান হবে না বলেও মন্তব্য করেন তিনি।
পরকোট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ এবং চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা ভুঁইয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এর আগে সকালে তিনি চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল