আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাও ইউনিয়নের মান্দ্রা গ্রামে মুন্সীগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত সংসদ-সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৫নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশিষ্ট সমাজসেবক মোস্তফা কামাল সেলিম হুজুরের বাড়ির উঠানে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত সংসদ-সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক।
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফারুক খান, উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য ও পাঁচগাও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলি আহমদ শেখ, উপজেলা বিএনপির সহসভাপতি দেওয়ান মো. মনিরুজ্জামান, বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম লেলিন, হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হোসেন শেখ, পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সহসভাপতি জহিরুল ইসলাম, পাঁচগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি আকতার হোসেন স্বপন, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ইকবাল শেখসহ পাঁচগাঁও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
স্থানীয় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ বৈঠকে এলাকার নানা সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও আগামীর রাজনৈতিক দিকনির্দেশনা তুলে ধরা হয়।
উঠান বৈঠকে বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই। তারা এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের বিষয়ে বাস্তবসম্মত প্রতিশ্রুতি দেন এবং সাধারণ মানুষের মতামত শোনেন।
বিডি প্রতিদিন/কেএইচটি