দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রাথমিকভাবে মনোনীত কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন) আসনের প্রার্থী মাওলানা খায়রুল ইসলাম ঠাকুরকে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রাথমিকভাবে মনোনীত কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন) আসনের প্রার্থী মাওলানা খায়রুল ইসলাম ঠাকুরকে সংগঠনের গঠনতন্ত্রের ৩০ ধারা মোতাবেক বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ কর্তৃক সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ তাঁর ওপর অর্পিত যাবতীয় সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, মাওলানা খায়রুল ইসলাম ঠাকুরের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের কোনো পর্যায়ের নেতা-কর্মীকে নির্বাচন সংক্রান্ত কিংবা সাংগঠনিক কোনো ধরনের সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হলো।
সংগঠনের শৃঙ্খলা, আদর্শ ও কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নের স্বার্থে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন) আসনে বর্তমানে বাংলাদেশ খেলাফত মজলিসের স্বীকৃত কোনো প্রার্থী নেই। ‘১০ দলীয় নির্বাচনি ঐক্য’-এর পারস্পরিক সমঝোতা অনুযায়ী এ আসনটি জামায়াতে ইসলামীর জন্য নির্ধারিত।
বিডি-প্রতিদিন/বাজিত