আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী ও ‘মায়ের ডাক’-এর প্রতিষ্ঠাতা সমন্বয়ক প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসভবনে গিয়ে তার সহধর্মিণী রাহাত আরা বেগমের দোয়া ও আশীর্বাদ গ্রহণ করেন তুলি। এ সময় দেশ ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
তুলির সঙ্গে উপস্থিত ছিলেন ২০১৩ সালে গুম হওয়া তার ভাই সাজেদুল ইসলাম সুমনের মেয়ে রাইতা, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা। আবেগঘন এ মুহূর্তে সবার চোখে ছিল প্রত্যাশা ও প্রার্থনার ছাপ।
দোয়া গ্রহণ শেষে সানজিদা ইসলাম তুলি বলেন, মানুষের দোয়া ও ভালোবাসাকে শক্তি করে আমি রাজপথে নেমেছি। শহীদ, গুম ও নির্যাতিত পরিবারের কান্না যেন আর কোনো মায়ের ঘরে না শোনা যায়—এই লক্ষ্যেই আমার সংগ্রাম। রাহাত আরা আপার দোয়া আমাকে আরও অনুপ্রাণিত করেছে।
তিনি আরও বলেন, ঢাকা-১৪ আসনের জনগণের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই আমার লক্ষ্য। এটি শুধু ভোটের লড়াই নয়, মানুষের মর্যাদা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম।
উল্লেখ্য, সানজিদা ইসলাম তুলি দীর্ঘদিন ধরে ‘মায়ের ডাক’ প্ল্যাটফর্মের মাধ্যমে গুম, খুন ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের ন্যায়বিচারের দাবিতে কাজ করে আসছেন। এবার তিনি ঢাকা-১৪ আসনে নির্বাচনী রাজনীতিতে অংশ নিয়ে জনগণের সমর্থন কামনা করছেন।
দোয়া শেষে তিনি দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক ও ভোটারদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।
বিডিপ্রতিদিন/কবিরুল