আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দিনাজপুর-৩ (সদর) আসনে ১১ দলীয় জোট ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলমের সমর্থনে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে একটি নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আয়োজন করা এই মিছিল। বিকেল সাড়ে ৩টায় পাহাড়পুরস্থ জেলা জামায়াত কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ স্থান লিলির মোড় ও হাসপাতাল মোড় অতিক্রম করে দিনাজপুর বড় মাঠে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
জামায়াতে ইসলামী মহিলা বিভাগের জেলা সেক্রেটারি মোছা. মোস্তাকিমা বেগম ও অঞ্চল মহিলা বিভাগের টিম সদস্য আফরোজা বেগম মিছিলের নেতৃত্ব দেন। মিছিল শেষে নেতৃবৃন্দ কর্মীদের উদ্দেশে বলেন, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে অ্যাডভোকেট মাইনুল আলমকে বিজয়ী করে আসনটি উপহার দিতে চান।
তারা বলেন, দিনাজপুরে ভোটের মাঠে মহিলা বিভাগের সরব উপস্থিতিই সাংগঠনিক শক্তি প্রমাণ করবে। ইসলামী মূল্যবোধ বজায় রেখে মানুষের মন জয় করে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চাওয়া হবে।
মিছিলে জেলা, শহর এবং বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের মহিলা বিভাগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নেতৃত্ব দেন জেলা টিম সদস্য নার্গিস আরা বেগম ও আজিফা খানম, সদর ও শহর মহিলা টিম সদস্যা রিফাত সালেহীন, মুন্নিয়ারা, শাহনাজ পারভীন, লুৎফুন নাহার, শেফালী বেগম ও শাপলা বেগম প্রমুখ।
বিডি-প্রতিদিন/সুজন