রাজবাড়ী-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী জামিল হিজাযী ধর্মীয় ও অর্থনৈতিক ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলন করেছেন।
বৃহস্পতিবার দুপুরে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমিতে তিনি এ সংবাদ সম্মেলন করেন। জামিল হিজাযী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সদস্য এবং রাজবাড়ী জেলার প্রধান সমন্বয়কারী।
সংবাদ সম্মেলনে জামিল হিজাযী বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে—ধর্মীয় অশ্লীলতা, অর্থের বিনিময়ে মনোনয়ন কেনার অভিযোগ এবং টাকা পেলে নির্বাচনে সরে দাঁড়ানোর কথা বলা হয়েছে। তিনি বলেন, আমি ইসলামবিরোধী কোনো কাজ করিনি। যারা এসব অভিযোগ করছে, তাদের কোন দলের তা আমি বুঝতে পেরেছি।
তিনি আরও উল্লেখ করেন, আওয়ামী লীগের সময় তাকে জঙ্গী হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং শিবিরের সঙ্গে জড়িত বলে প্রচার করা হয়েছে। সেই সময় আমি স্পষ্টভাবে তাদের বিরুদ্ধে কথা বলেছি।
সংবাদ সম্মেলনের শেষভাগে তিনি জনগণ ও সমর্থকদের প্রতি আহ্বান জানান, জামায়াত, এসসিপি এবং ১১ দলীয় জোটের সঙ্গে থাকা ও সত্যের পাশে দাঁড়ানোর জন্য। তিনি বলেন, সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাঁদাবাজি, অবৈধ কর্মকাণ্ড ও নেশার বিরুদ্ধে অবস্থান নেওয়া প্রয়োজন।
বিডি-প্রতিদিন/সুজন