দীর্ঘ প্রায় ১৯ বছর পর আজ বৃহস্পতিবার রাতে নিজ জেলা বগুড়ায় আসছেন বিএনপির চেয়ারম্যান ও বগুড়া-৬ আসনের প্রার্থী তারেক রহমান। ঘরের ছেলেকে বরণ করতে উন্মুখ হয়ে আছেন বগুড়াবাসী। এ উপলক্ষে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে প্রস্তুত করা হয়েছে বিশাল সমাবেশের মঞ্চ। আয়োজনে কোনো ঘাটতি রাখা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার বিকালে সরেজমিনে দেখা যায়, আলতাফুন্নেছা খেলার মাঠে তারেক রহমানের জনসভার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে মাঠ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখা গেছে। তারেক রহমানের উদ্যোগে নির্মিত বিভিন্ন অবকাঠামো নতুন সাজে সাজানো হয়েছে। প্রিয় নেতা ও বগুড়ার সন্তানকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন নেতাকর্মীরা।
এর আগে প্রায় ১৯ বছর আগে বিএনপির সিনিয়র মহাসচিব হিসেবে বগুড়ায় এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ বিরতির পর এবার তিনি দলের শীর্ষ নেতা হিসেবে নিজ জেলায় আসছেন।
নির্বাচনী আচরণবিধি মেনে তার সফরের কর্মসূচি সাজানো হয়েছে। নিজ নির্বাচনী এলাকা বগুড়া-৬ আসনে তার আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রত্যাশা করছেন বিএনপি নেতারা।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, রাজশাহীতে সমাবেশ শেষে নওগাঁ হয়ে বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন তারেক রহমান। পথে দুপচাঁচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। পরে রাত আনুমানিক ৮টার পর আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি।
তারেক রহমানের আগমনকে ঘিরে বগুড়ায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিএনপি চেয়ারম্যান হিসেবে তিনি এই জনসভায় দলের নির্বাচনী অঙ্গীকারগুলো তুলে ধরবেন বলে জানিয়েছেন দলীয় নেতাবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল