গোপালগঞ্জ-৩ নির্বাচনি আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী বলেছেন, এখন পর্যন্ত কেউ তারেক রহমানের বক্তব্যের গঠনমূলক সমালোচনা করতে পারেনি। তিনি বক্তব্যে এমন কোনো শব্দ উচ্চারণ করেননি, যা শুনে কেউ মনে আঘাত পেতে পারে। এ থেকেই বোঝা যায়, জাতি তারেক রহমানকেই ভবিষ্যৎ নেতা মনে করছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে কোটালীপাড়ার শুয়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশের বালুর মাঠে জনসভায় তিনি এ কথা বলেন।
এস এম জিলানী বলেন, আগামী সংসদ নির্বাচন সামনে রেখে দেশি ও বিদেশি বিভিন্ন জরিপে বিএনপির পক্ষে জনসমর্থনের কথা উঠে এসেছে। তার দাবি, এসব জরিপ অনুযায়ী প্রায় ৭০ শতাংশ ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করবে। তিনি বলেন, বর্তমানে জাতীয় রাজনীতিতে যে নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি উপস্থিত জনগণকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ৪ লাখ গৃহিণীকে ফ্যামিলী কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার প্রতিমাসে আড়াই হাজার টাকার নিত্যপণ্য ক্রয় করতে পারবে। এ ছাড়া কৃষকদের জন্য কৃষিকার্ড চালু করা হবে।
শুয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. বিনয় কৃষ্ণ দাসের সভাপতিত্বে জনসভায় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, শিক্ষক স্বপন কুমার দে, মনতোষ বৈদ্য, অধ্যাপক রণজিৎ মধু, ডা. জাহিদ হোসেন রিন্টু, বিএনপি নেতা ফায়েকুজ্জামান শেখ, আউয়াল শেখ, তসলিম খানসহ অন্যরা বক্তব্য রাখেন।
এর আগে এস এম জিলানী কান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন।
বিডি-প্রতিদিন/এমই