বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় গেলে প্রথম বছরেই দেশের ১ কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এছাড়া চার কোটি যুবককে প্রশিক্ষণের পাশাপাশি চাকরি হওয়ার আগ পর্যন্ত বেকার ভাতা দেওয়া হবে।
শুক্রবার বিকালে কামারখন্দ উপজেলার বড়ধুলসহ কয়েকটি এলাকায় গণসংযোগ ও নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, বিএনপি কৃষিখাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে। কৃষিজমি নষ্ট করে কোনো কারখানা তৈরি করতে দেওয়া হবে না। বসতভিটা উচ্ছেদ করে মানুষকে বাস্তুহারা করে শিল্পকারখানা গড়ে তোলা হবে না। কৃষি ও কৃষককে রক্ষায় কৃষি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে কৃষক সুদবিহীন ঋণ ও ন্যায্যমূল্যে সার-বীজ পাবে। কৃষি উন্নয়নের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও সবুজায়িত দেশ গড়া হবে।
তিনি বলেন, এখন অনেক মা-বোন রোদে পুড়ে মাটি কাটার কাজ করেন। ওই সব মা-বোনসহ নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে। যার মাধ্যমে তারা টাকা পাবেন এবং সেই টাকা দিয়ে ক্ষুদ্র শিল্প গড়ে তুলতে পারবেন। নিজেদের ভাগ্য গড়তে পারবেন।
টুকু বলেন, তারেক রহমানের নেতৃত্বে একটি আদর্শিক, কল্যাণকর, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাষ্ট্র গঠন করা হবে।
তিনি বলেন, যারা ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে তারা মোনাফেক। তাই কোনো ভাই ও মা-বোন মোনাফেকদের কথায় কান দেবেন না। ১২ তারিখ ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে শহীদ জিয়াউর রহমান, মরহুমা খালেদা জিয়া ও তারেক রহমানের ধানের শীষে ভোট দেবেন।
গণসংযোগকালে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল