নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) বলেছেন, পটুয়াখালীর চারটি আসনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের কোনো চ্যালেঞ্জ নেই। নির্বাচনের গ্রহণযোগ্যতা বা নির্বাচন কমিশন কোনো শতাংশের ওপর নির্ভর করে না। আমরা চাই শতকরা ১০০ ভাগ মানুষ ভোটকেন্দ্রে আসুক।
শুক্রবার বিকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে পটুয়াখালী জেলার ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিম’-এর সভায় অংশগ্রহণ শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মো. সানাউল্লাহ বলেন, এখানে পরিবেশ অত্যন্ত ভালো, তাই পটুয়াখালীর নির্বাচন হবে নির্ঝঞ্ঝাট। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গণভোটের প্রচারণা নিয়ে তিনি বলেন, গণভোট বিষয়ে মানুষের মাঝে প্রচার করা যাবে, তবে ‘হ্যাঁ’ কিংবা ‘না’ ভোটের বিষয়ে কাউকে বলা যাবে না।
তিনি আরও বলেন, নির্বাচনে সহায়ক পরিবেশ তৈরি করা হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। সার্বিকভাবে নির্বাচনের সময় দেশে যেমন পরিবেশ থাকে, এবারও পরিবেশ ভালো। তবে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে—এগুলো না ঘটলে ভালো হতো। সব ঘটনাকে ‘সংঘর্ষ’ শব্দ দিয়ে উল্লেখ করা ঠিক নয়। নির্বাচনে কিছু প্রতিদ্বন্দ্বিতা থাকে; প্রতিদ্বন্দ্বিতার সময় কিছু শব্দচয়ন হয়। সমর্থকদের মাঝে নির্বাচনকে কেন্দ্র করে ইউফোরিয়া কাজ করে। এগুলো যাতে সীমিত পর্যায়ে থাকে এবং সকলে পরিমিতবোধের মধ্যে থাকে—এটি সবার জন্য বার্তা। নির্বাচন নিয়ে কোনো অস্থিরতা তৈরি হোক, এটা কাম্য নয়। নির্বাচনের পরেও আমরা সবাই এ সমাজেই বাস করবো, তাই বিচ্ছিন্ন ঘটনা এড়িয়ে চলি।
এর আগে দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে পটুয়াখালী জেলার ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিম’-এর সভায় তিনি অংশগ্রহণ করেন। সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল