আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদভাবে সম্পন্ন করতে ভোলায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) কাজ করছে বলে জানিয়েছে বাহিনীটি।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ভোলা সরকারি স্কুল মাঠে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন ভোলায় দায়িত্বরত বিজিবির উপ-অধিনায়ক মেজর কাজী মারুফ উল ইসলাম।
তিনি বলেন, ভোলা জেলার সাতটি উপজেলার মধ্যে মনপুরা ছাড়া বাকি ছয়টি উপজেলায় সাত প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব সদস্য কাজ করছেন।
মেজর কাজী মারুফ উল ইসলাম বলেন, বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করছে। সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে বিজিবি সহায়ক ভূমিকা রাখবে, যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়।
তিনি আরও বলেন, ভোটাররা যেন শান্ত, নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। পাশাপাশি ভোটার উপস্থিতি বাড়াতে জনসচেতনতামূলক কার্যক্রমও চালানো হচ্ছে।
এদিকে নির্বাচন সামনে রেখে ভোলার বিভিন্ন এলাকায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যদের টহল ও দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে।
বিডি-প্রতিদিন/সুজন