আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের দলটির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে বিগত ১৭ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। এবার দেশের মানুষ ভোটের জন্য অপেক্ষা করে আছে। আগামী ১২ ফেব্রুয়ারি বিএনপিকে ভোট দিয়ে তারেক রহমানকে দেশ গড়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণার সময় তিনি এসব কথা বলেন।
এর আগে আদমজীতে জেলা বিএনপির কার্যালয়ে এক নির্বাচনী সভায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এ আসনে যাকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে, তিনি দলের জন্য নিবেদিত প্রাণ। একাধিক বার জেল জুলুমের শিকার হয়েছেন। সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের প্রতীককে জয়লাভ করতে হবে।
এসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলম রবিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কামাল