রাজধানীর বনানীতে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে গেলে সেখানে সড়ক প্রকল্পে কর্মরত দুই শ্রমিক বাসটির নিচে চাপা পড়ে নিহত হয়েছেন। তাঁরা হলেন সাগর মিয়া (৩৫) ও মোসলেম উদ্দিন (৪৭)। এ ঘটনায় দুইজন সাংবাদিক, বাংলাদেশ প্রতিদিনের টেলিফোন অপারেটর ফারুক হোসেনসহ অনেকেই আহত হয়েছেন। তাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
গতকাল বিকাল ৪টার দিকে বনানীর সেতু ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মঈন উদ্দীন জানান, দুপুরে ভুঁইয়া পরিবহনের একটি বাস গাজীপুর যাচ্ছিল। এ সময় বনানী এলাকায় হঠাৎ এক পথচারী হিজড়া বেপরোয়াভাবে দৌড়ে রাস্তা পার হতে গিয়ে বাসের সামনে এসে পড়লে চালক গাড়িটি ডান দিকে ঘুরিয়ে দেন। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন গাড়িটি ডিভাইডারের ওপরে উঠে যায়। এ সময় ডিভাইডারের ওপরে থাকা দুইজন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক।
প্রাথমিক তদন্তে জানা গেছে, সাগর গাইবান্ধার সাধুল্যাপুর মহিষবন্দী গ্রামের চান মিয়ার ছেলে এবং মোসলেম উদ্দিন মিরপুর ১ নম্বর সেকশনের মোহাম্মদ আশিম উদ্দিনের ছেলে। দুজনই সিটি করপোরেশনের চুক্তিভিত্তিক শ্রমিক ছিলেন। ঘটনার সময় তাঁরা সড়ক ডিভাইডারে পরিচ্ছন্নতার কাজ করছিলেন। বনানী থানার এসআই রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তাঁদের পরিচয় জানা যায়। এ ঘটনায় আহত বাসটির যাত্রী সাংবাদিক রিমন মাহফুজ নিজের ফেসবুক পোস্টে দুর্ঘটনার ভয়াবহ বর্ণনা তুলে ধরেন। সেখানে তিনি বলেন, ‘মহাখালী ফ্লাইওভার থেকে বাসটি নিচে নামার সময় হঠাৎ চেয়ারম্যানবাড়ি সেতু ভবনের সামনের ফুটওভার ব্রিজের পিলারের সঙ্গে প্রচণ্ড গতিতে ধাক্কা লাগিয়ে দেয়। কিছু বুঝে ওঠার আগেই হাঁটু ও হাতে প্রচণ্ড ধাক্কা লাগে। বাস থেকে নেমে দেখি হেলপার বাসের নিচে পড়ে আটকে আছেন, পাশে একজন বৃদ্ধের নিথর দেহ। পরে চিকিৎসা নিতে আমি ডাক্তারের কাছে যাই।’ সাংবাদিক আহসান পারভেজ তুহিন বলেন, ‘বাসটির পেছনের দিকে বসা ছিলাম। হঠাৎ করেই বাসটি ডিভাইডারে ধাক্কা দিলে পায়ে প্রচণ্ড আঘাত পাই। অনেকেই আরও গুরুতর আঘাতপ্রাপ্ত হন। বাস থেকে নেমে দেখতে পাই চাপা পড়ে দুজন নিহত হয়েছেন।’