সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সময়ের পরিবর্তনের সঙ্গে অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতা এখন মানুষের দেখা, জানা ও সম্পৃক্ত থাকার প্রধান মাধ্যম হয়ে উঠেছে। এ পরিবর্তনের সঙ্গে সবচেয়ে সফলভাবে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে তরুণ প্রজন্ম।
শুক্রবার রাতে রাজধানীর মহাখালীরে একটি পর্যটন হোটেলে আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের শীর্ষস্থানীয় অনলাইন ও ডিজিটাল সংবাদমাধ্যমের প্রধানদের সংগঠন ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ।
শেখ রবিউল আলম আরও বলেন, এখন অনলাইন সাংবাদিকতাই মানুষ উপভোগ করছে, জানছে, দেখছে এবং যুক্ত থাকছে। এ সময়টা আপনাদের সময়। সময়ের যে আবেদন, সেটিকে আপনারা ধারণ করতে পারছেন। এটি আপনাদের সৌভাগ্য, আবার আপনাদের যোগ্যতারও স্বীকৃতি। আয়োজকরা জানান, অনলাইন এডিটরস অ্যালায়েন্সের এই বর্ণাঢ্য আয়োজনে সংগঠনের সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। অনলাইন গণমাধ্যমের সম্পাদকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পরিবার-পরিজনকে সম্পৃক্ত করতেই এ মিলনমেলার আয়োজন করা হয়েছে।