গাজায় গণহত্যার বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতার তীব্র সমালোচনা করে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারম্যান সোনিয়া গান্ধি গতকাল এক বিবৃতিতে বলেছেন, ভারত সবসময়ই নিপীড়িত মানুষের পাশে থেকেছে। কিন্তু এখন মোদি সরকার নিজেদের গ্লোবাল সাউথের নেতা দাবি করলেও ফিলিস্তিনের পাশে থাকছে না। এখন তার সরকার ইসরায়েল বলয়ের মধ্যে ঢুকে পড়েছে।
তিনি ইরানের ওপর ইসরায়েলি হামলার আগে প্রধানমন্ত্রী মোদির ইসরায়েল সফর করার নিন্দা জানান এবং বলেন, মোদির কারণে ভারত এখন ইরান, ফিলিস্তিন এবং বৃহত্তর মধ্যপ্রাচ্য থেকে বিচ্যুত হয়েছে। বিবৃতিতে সোনিয়া উল্লেখ করেছেন, ২০২৬ সালে ফিলিস্তিন এলাকায় জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন রিপোর্ট দিয়েছে, ‘গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়ে শিশুসহ ভয়াবহ গণহত্যা করছে। ৯৪ পাতার রিপোর্টে ভয়াবহ হত্যাকাণ্ডের বিবরণ রয়েছে। ২০ হাজার শিশু মারা গেছে। ৪০ হাজার আহত। টার্গেট করে শিশু হত্যা করা হচ্ছে। ৯৭ শতাংশ স্কুলের ওপর বোমা ফেলা হয়েছে।’ অথচ কমিশনের বর্তমান চেয়ারম্যান ভারতের সাবেক বিচারপতি এস মুরলিধর।