ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ বলেছেন, ‘দেশে পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ির (ইভি) ব্যবহার বাড়াতে বড় বাধা বিদ্যুৎসংকট ও পর্যাপ্ত চার্জিং স্টেশনের অভাব।’ গতকাল ডিসিসিআই এবং বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের (বিএসআরইএ) যৌথভাবে আয়োজিত বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহনের (ইভি) ব্যবহার : চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন, শিল্পসচিব আবদুন নাসের খান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) শিবির বিচিত্র বড়ুয়া, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) পরিচালক (যুগ্মসচিব) মো. আমিনুর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব ড. মো. মোকছেদ আলী, এনডিসি, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) প্রধান প্রকৌশলী মো. মফিজুল ইসলাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. এহসান, বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের (বিএসআরইএ) সভাপতি মোস্তফা আল মাহমুদ, বাংলাদেশ অটোমোবাইল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বামা) সভাপতি এবং রানার অটোমোবাইলস পিএলসির চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) সহসভাপতি তানভীর ইবনে বাশার, আকিজ মটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ আমিন উদ্দিন প্রমুখ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মূল প্রবন্ধে ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, ‘বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্যে পরিবহন খাতে বড় ধরনের পরিবর্তন ঘটছে। বৈদ্যুতিক প্রযুক্তিতে পরিচালিত যানবাহনের ব্যবহার প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। চার্জিং অবকাঠামো তৈরিতে পিপিপি মডেলের আওতায় সরকারি ও বেসরকারি বিনিয়োগ নিশ্চিত করা প্রয়োজন। সরকার এ শিল্পের বিকাশে কর, শুল্ক সুবিধাসহ বিভিন্ন নীতিগত পদক্ষেপ গ্রহণ করেছে।’
তিনি বলেন, বর্তমানে দেশে ৬০ লাখ থ্রিহুইলার যানবাহন চালাচল করলেও বিআরটি কর্তৃক নিবন্ধিত ইভি গাড়ির সংখ্যা মাত্র ৬৬৯টি। সম্ভাবনাময় এ খাতটির বিকাশ নিশ্চিতকল্পে একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের দাবি জানান তিনি।
বিইপিআরসির চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন বলেন, ‘ইভি খাতের প্রত্যাশিত সাফল্য পেতে বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহের কোনো বিকল্প নেই। এটা সবার আগে নিশ্চিত করতে হবে। সারা দেশে বিদ্যুচ্চালিত কত যানবাহন রয়েছে, তার একটি সঠিক পরিসংখ্যান থাকা প্রয়োজন। যেটি সঠিক পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে।’
অতিরিক্ত সচিব শিবির বিচিত্র বড়ুয়া বলেন, ‘সরকারি পরিসংখ্যানে এ পর্যন্ত মাত্র ৭০০ ইভি গাড়ি নিবন্ধিত থাকলেও বাস্তবে দেশের সড়কগুলোয় বিপুল পরিমাণে ইলেকট্রিক গাড়ি ব্যবহৃত হচ্ছে। তাই এ খাতের সহায়ক নীতিমালা ও প্রয়োজনীয় প্রণোদনা সহায়তা প্রদানে সঠিক পরিসংখ্যান জরুরি।’