দোহায় কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ কারিগরি আলোচনা হয়েছে। তবে ইরান বলেছে, তারা দোহায় উপস্থিত হওয়া শীর্ষ মার্কিন দূতদের সঙ্গে বৈঠক করবে না। কয়েক দিন ধরে চলা পাল্টাপাল্টি হামলার পর ইরান এ সিদ্ধান্ত জানিয়েছে। এতে দুই দেশের মধ্যে স্থায়ী শান্তির সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে। -রয়টার্স, আলজাজিরা, এএফপি
গতকাল কাতারের রাজধানী দোহায় পরোক্ষভাবে ‘কারিগরি পর্যায়ের’ আলোচনা বৈঠক বসলেও ইরান যুক্তরাষ্ট্রের শীর্ষ আলোচকদের সঙ্গে সরাসরি বৈঠকে বসবেন না বলে জানিয়েছে। ইরানের প্রধান আলোচক বলেছেন, হরমুজ হলো তেহরানের ‘ক্ষমতার সবচেয়ে বড় হাতিয়ার’। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রাথমিক শর্তাবলি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত চূড়ান্ত চুক্তিবিষয়ক আলোচনা শুরু হবে না।
একটি সূত্র জানায়, কারিগরি বৈঠকের জন্য পরিবেশ তৈরি করতে মার্কিন দূত স্টিভ হুইটেকার এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার গত মঙ্গলবার কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তবে গতকাল তারা কারিগরি আলোচনায় উপস্থিত ছিলেন না। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে মুখোমুখি আলোচনার কথা অস্বীকার করে বলেছে, আলোচনা অন্তর্বর্তীকালীন চুক্তি বাস্তবায়নের ওপর কেন্দ্রীভূত, যার মধ্যে জব্দকৃত তহবিল ছাড়ও অন্তর্ভুক্ত রয়েছে। ইরানি কর্মকর্তারা আরও জানিয়েছেন, তাদের পারমাণবিক কর্মসূচির ওপর সম্ভাব্য সীমাবদ্ধতা আরোপের মতো আরও কঠিন বিষয়গুলো মোকাবিলার আগে দুই পক্ষকে অবশ্যই দুই সপ্তাহ আগে স্বাক্ষরিত চুক্তির শর্তগুলো চূড়ান্ত করতে হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাকায়ি বলেছেন, ‘সামনের দিনগুলোয় আমেরিকান পক্ষের সঙ্গে কোনো পর্যায়ে কোনো বৈঠক করার কর্মসূচি নেই।’
ইরানের আকাশসীমা এড়িয়ে চলার পরামর্শ ইউরোপীয় ইউনিয়নের : ইরানের আকাশসীমা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ)। ইএএসএ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা এবং পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ার শঙ্কার কারণে ইরাক ও লেবাননের আকাশসীমাও ব্যবহার করা উচিত নয়। সংস্থাটি মধ্যপ্রাচ্যজুড়ে বাণিজ্যিক উড়োজাহাজগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে। ইএএসএ জানায়, চলমান পরিস্থিতি বিবেচনায় তারা মধ্যপ্রাচ্যের এই সংঘাতপূর্ণ অঞ্চলের জন্য আকাশসীমা সংক্রান্ত সতর্কবার্তার মেয়াদ আগামী ৮ জুলাই পর্যন্ত বাড়িয়েছে।
এর আগে ১ জুলাই পর্যন্ত এই সতর্কতা জারি ছিল।