সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে দেশের প্রথম জাতীয় যাত্রীবাহী রেলসেবা। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার ভোরে প্রথমবারের মতো যাত্রী নিয়ে যাত্রা শুরু করে ইতিহাদ রেল পরিচালিত ‘ডেজার্ট এক্সপ্রেস’ নামের এই ট্রেন। পর্যায়ক্রমে এটি দেশের ১১টি শহরকে একই রেল নেটওয়ার্কের আওতায় নিয়ে আসবে। নতুন এই রেলসেবা উদ্বোধনের মধ্য দিয়ে সড়কনির্ভর পরিবহন ব্যবস্থার পাশাপাশি আরও টেকসই ও পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বড় একটি পদক্ষেপ নিল আমিরাত।-সিএনএন
স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫টা ৩৪ মিনিটে ওমান উপসাগর তীরবর্তী ফুজাইরাহ থেকে প্রথম ট্রেনটি যাত্রা শুরু করে। প্রায় ২৫০ কিলোমিটার পথ অতিক্রম করে এটি সকাল ৭টা ১৯ মিনিটে আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ সিটি স্টেশনে পৌঁছায়। পুরো যাত্রায় সময় লাগে ১ ঘণ্টা ৪৫ মিনিট। প্রথম দিন মোট ছয়টি ট্রেন চলাচলের মাধ্যমে পরীক্ষামূলক বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে ইতিহাদ রেল। প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, উদ্বোধনের আগেই নতুন রেলসেবার জন্য ১০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে, যা সাধারণ মানুষের ব্যাপক আগ্রহেরই প্রমাণ। ইতিহাদ রেল জানিয়েছে, যাত্রীদের জন্য ট্রেনে থাকছে আধুনিক ও আরামদায়ক ভ্রমণের সব ধরনের সুবিধা। প্রতিটি ট্রেনে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, উচ্চগতির ওয়াই-ফাই, মোবাইল ও ল্যাপটপ চার্জ দেওয়ার জন্য বিদ্যুৎ সংযোগ, সংরক্ষিত আসন এবং উন্নতমানের যাত্রীসেবা। এ ছাড়া বেশি আরাম ও অতিরিক্ত সুবিধা চান এমন যাত্রীদের জন্য রাখা হয়েছে প্রিমিয়াম ক্লাস। ইতিহাদ রেলের প্রধান পরিচালন কর্মকর্তা আজ্জা আল সুয়াইদি বলেন, ‘আজকের প্রথম যাত্রা শুধু একটি ট্রেনের যাত্রা নয়, এটি বহু বছরের একটি জাতীয় স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ার মুহূর্ত। এই রেলপথ দেশের মানুষকে একে অপরের সঙ্গে, নতুন সম্ভাবনার সঙ্গে এবং দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে আরও সহজে যুক্ত করবে।’ ইতিহাদ রেলের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর দুবাই ও আল ধাইদ স্টেশন চালু হবে। এর তিন মাস পর চালু হবে আল ধাফরা অঞ্চলের স্টেশনগুলো। আগামী বছরের মার্চের শেষ দিকে শারজাহ স্টেশন চালুর মধ্য দিয়ে পুরো রেলপথের কাজ সম্পন্ন হবে।