ভারতের সংসদে শেষ পর্যন্ত মহিলাদের ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিল ভোটাভুটিতে পাস হতে পারেনি। বিলের পক্ষে বিজেপি নেতৃত্বের এনডিএ ২৯৮ এবং বিরোধীদের পক্ষে ২৩০ ভোট পড়ে। যেহেতু এ বিল পাসে সংবিধানের ১৩১ ধারা সংশোধনের প্রয়োজন, তাই জরুরি ছিল দুই তৃতীয়াংশ ভোট, অর্থাৎ ৩৬৪। বিজেপি সেই সমর্থন জোগাড় করতে ব্যর্থ হয়েছে।
এর আগে বৃহস্পতিবার লোকসভার বিশেষ অধিবেশনে মহিলাদের আসন ৩৩ শতাংশ সংরক্ষণ এবং আসন পুনর্বিন্যাসসংক্রান্ত বিল নিয়ে বিতর্ক শুরু হয। বিলটি উত্থাপন করে আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন মেঘবল বলেন, বিলটি অনুমোদিত হলে লোকসভার আসন ৫০ শতাংশ বাড়িয়ে ৮১৫ করা হবে। যার মধ্যে ২৭২টি হবে মহিলাদের। অর্থাৎ মোট আসনের এক তৃতীয়াংশ মহিলাদের জন্য সংরক্ষিত হবে।
প্রসঙ্গত, বর্তমানে লোকসভার সদস্যসংখ্যা ৫৪২। বিরোধী সব দল বিলটির বিরোধিতা করছে এ কারণে যে জনগণনার ভিত্তিতে আসন সীমানা নির্ধারণ না করে মহিলাদের আসন সংরক্ষণ আদতে নাটক বলে মন্তব্য করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। গতকাল বিলটি অনুমোদনের জন্য ভোট নেওয়া হয়। কিন্তু বিরোধীদের কারণে এটি পাস হতে পারল না।