টানা দুই ম্যাচে হারের পর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রথম জয় পেয়েছে চ্যাম্পিয়ন আবাহনী। নিজেদের তৃতীয় ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করেছে ১৬৬ রানে। আগের দিন বিকেএসপিতে ২৮৩ রান সংগ্রহ করেছিল আবাহনী। ২৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ব্রাদার্স ১২ ওভারে ১ উইকটে ৪৯ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। গতকাল রিজার্ভ ডে-তে খেলতে নেমে তারা ১১৭ রানে অলআউট হয়ে যায়। দলের জাহিদুজ্জামান সর্বোচ্চ ৪০ রান করলেও বাকি ব্যাটারদের ব্যর্থতায় ব্রাদার্স বেশি দূর যেতে পারেনি। আবাহনীর সৌম্য সরকার ও মাহফুজুর রহমান ২টি করে উইকেট পান।
অন্য ম্যাচে রানার্সআপ ঐতিহ্যবাহী মোহামেডান টানা তৃতীয় জয় পেয়েছে। ইউল্যাব মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা ২০০ রানে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। আগের দিন ৩৩ ওভারে নির্ধারণ করা ম্যাচে মোহামেডান ৩৪৬ রানের বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দেয়। গতকাল রিজার্ভ ডে-তে ব্যাট করতে নেমে রূপগঞ্জ ১৪৫ রানে গুটিয়ে যায়। মোহামেডানের মৃত্যুঞ্জয় একাই ৫ উইকেট নেন। রিশাদ হোসেন নেন ৩ উইকেট। প্রাইম ব্যাংকও টানা তিন ম্যাচ জিতেছে। কিন্তু রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে অবস্থান করছে মোহামেডান।