‘শুভ কাজে সবার পাশে’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার জেলা শহরের ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ নীলফামারী জেলা শাখা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ নীলফামারী জেলা শাখার সভাপতি আজাহারুল ইসলাম রাজা। বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ মেসবাহুল হক, আব্দুর রশিদ শাহ, সহ-সভাপতি বাসুদেব রায়, কাশফিয়া নাহরীন, শাহ্ মো. আবু মুক্তাদির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বসুন্ধরা শুভসংঘ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান জীবন।
মেসবাহুল হক বলেন, অধিকাংশ দুর্ঘটনার পেছনে রয়েছে বেপরোয়া গাড়ি চালানো, ট্রাফিক আইন অমান্য ও পথচারীদের অসচেতনতা। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হলে দুর্ঘটনার হার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
মেহেদী হাসান জীবন বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা রাষ্ট্রের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব। বসুন্ধরা শুভসংঘ সামাজিক দায়বদ্ধতা থেকে নিয়মিতভাবে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
আজাহারুল ইসলাম রাজা বলেন, সড়ক দুর্ঘটনায় অকালেই অনেক তাজা প্রাণ ঝরে যাচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সচেতনতা, শৃঙ্খলা ও আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমেই এ মৃত্যুমিছিল রোধ করা সম্ভব।
মানববন্ধনে সংগঠনের সহ-সভাপতি গীরেন্দ্রনাথ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাঈম শাহ, গোলাম রাব্বি, সাংগঠনিক সম্পাদক দীপু রায়, প্রচার সম্পাদক লাবু ইসলাম রিদয়, অর্থ সম্পাদক সাজু ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্য ও সচেতন নাগরিকরা অংশ নেন।
বিডি-প্রতিদিন/এমই