ভাসমান মান্তা সম্প্রদায়ের শিশুদের আলোকিত ভবিষ্যতের পথ সুগম করতে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।
শনিবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন খয়রাবাদ নদীর পাড়ে বসবাসরত মান্তা শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ছিল বই, খাতা, কলম, পেনসিল, কাটার, রাবার। একই সঙ্গে শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য খেলনা সামগ্রীও দেওয়া হয়েছে। এসব উপহার সামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিশুরা।
এ সময় শুভসংঘের সভাপতি তানজিদ শাহ জালাল ইমন, সাধারণ সম্পাদক মেহরাব হোসেন সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, অর্থ সম্পাদক মো. আবু উবাইদা, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, কার্যকরী সদস্য ফেরদৌস মাহমুদ নূর, অদিতি সরকার মন্দিরাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মান্তা শিশুদের শিক্ষা নিয়ে কাজ করা ‘বাতিঘর’ প্রতিষ্ঠানের সদস্য উম্মে হাফসা বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য খেলনা সামগ্রীও দেওয়া হয়েছে, যা পেয়ে শিশুরা খুব খুশি হয়েছে। আমরা চাই ভবিষ্যতেও শুভসংঘ মান্তা শিশুদের পাশে দাঁড়াক।'
বসুন্ধরা শুভসংঘ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মেহরাব হোসেন বলেন, 'শুভ কাজে সবার আগে— স্লোগান সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ কাজ করে যাচ্ছে। বসুন্ধরা শুভসংঘের শিক্ষা সামগ্রী পেয়ে শিশুরা খুব খুশি হয়েছে। আমরা চাই, কেউ পড়ালেখায় পিছিয়ে না থাকুক।'
বিডি-প্রতিদিন/এমই