শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কমলগঞ্জ উপজেলার আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে বসুন্ধরা শুভসংঘ কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা শুভসংঘ কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি শাব্বির এলাহী সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকার রিপন পাল চৌধুরী, শিক্ষক আবুল কাসেম, বসুন্ধরা শুভসংঘের যুগ্ম সম্পাদক মোনায়েম খান, সদস্য দানিয়া সবুর, নাফিউর রহমানসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের শেষের দিকে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের স্থানীয় সহযোগীরা পরিকল্পিতভাবে বাংলাদেশের চিকিৎসক, শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক, অধ্যাপক ও সুশীল সমাজের প্রতিনিধিদের হত্যা করে। এই নৃশংস হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য বাংলাদেশকে মেধাশূন্য করে দেওয়া, যাতে দেশটি নেতৃত্বশূন্য ও দুর্বল হয়ে পড়ে।
তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায়। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো ও স্বাধীনতাবিরোধী অপশক্তি ইতিহাস বিকৃত করতে না পারে তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
আলোচনাসভায় বক্তারা এই ধরনের সময়োপযোগী ও ইতিহাসভিত্তিক কর্মসূচি আয়োজনের জন্য বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানান। পাশাপাশি সারাদেশে সংগঠনের মানবিক, সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন বক্তারা।
বিডি-প্রতিদিন/তানিয়া