মহান বিজয় দিবসে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বসুন্ধরা শুভসংঘ, চরফ্যাশন উপজেলা শাখার সদস্যরা। মঙ্গলবার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় বসুন্ধরা শুভসংঘের সদস্যরা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এতে বসুন্ধরা শুভসংঘ চরফ্যাশন উপজেলা শাখার আহ্বায়ক শামীমা নাসরিন, যুগ্ম আহ্বায়ক মো. হাবিব, মারিয়া, মো. জুবায়ের হোসেন, সদস্য মো. মোশারফ হোসেন, মো. হোসাইন, মো. জেনিদ, মো. হাবিব, মো. জাহিদ, অনন্য, তন্ময়, ইমা ইসলাম সহ বসুন্ধরা শুভসংঘের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বসুন্ধরা শুভসংঘ চরফ্যাশন উপজেলা শাখার সদস্যরা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। তাদের এই আত্মত্যাগ জাতি কখনোই ভুলবে না। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা ছড়িয়ে দিতে বসুন্ধরা শুভসংঘ সবসময় কাজ করে যাচ্ছে।
তারা আরও বলেন, বিজয়ের এই দিনে আমাদের শপথ নিতে হবে দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে দেশের উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখব। পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ছড়িয়ে দিয়ে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
বসুন্ধরা শুভসংঘের সদস্যরা জানান, ভবিষ্যতেও যথাযথ মর্যাদায় জাতীয় দিবসগুলো পালন এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশ ও মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বিডি-প্রতিদিন/তানিয়া