মহান বিজয় দিবস উপলক্ষ্যে মাদারীপুরে দোয়া মাহফিল ও মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বসুন্ধরা শুভসংঘ ও তরুণ প্রজন্ম মাদারীপুরের এ কর্মসূচি বুধবার বিকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয়। তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে নিয়মিত বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। এ উদ্যোগ নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে।
আয়োজকরা জানান, এ কর্মসূচির আওতায় বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে গাছের চারা রোপণ ও পরিচর্যা করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুল হক, বীর মুক্তিযোদ্ধা ডা. গোলাম সারোয়ার, আমিরুজ্জামান বাবু, আসাদুজ্জামান সাইফ।এছাড়া উপস্থিত ছিলেন আল মামুন, মেহেদী হোসাইন, মাওলানা দেলোয়ার হোসাইন, কাউসার ব্যাপারী, তুষার ব্যাপারী, ফোরকান ফকির, আল আমিন সরদার ও নাহিদ সরদারসহ সংগঠনের অন্য সদস্যরা।
শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে কর্মসূচি সফল করতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করা হয়।
বিডি-প্রতিদিন/এমই