“শুভ কাজে সবার পাশে”-এই স্লোগানকে সামনে রেখে মাদকমুক্ত ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে যাত্রা শুরু করেছে বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখা। তরুণ সমাজে মাদকের ভয়াবহ বিস্তার রোধে সচেতনতা তৈরির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনার শুরুতেই নতুন কমিটির সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার আনুষ্ঠানিক সূচনা করা হয়।
আলোচনার মূল বিষয় ছিল “মাদকের বিরুদ্ধে সোচ্চার”। বক্তারা বলেন, বাংলাদেশে মাদক এখন শুধু ব্যক্তিগত সমস্যা নয়, এটি একটি সামাজিক ও জাতীয় সংকটে রূপ নিয়েছে। বিভিন্ন গবেষণা অনুযায়ী, দেশের একটি বড় অংশের তরুণ-যুবক কোনো না কোনোভাবে মাদকের ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলের মতো মাদক শিক্ষার্থী সমাজের ভবিষ্যৎকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
মনোবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও বসুন্ধরা শুভসংঘ গোবিপ্রবি শাখার সহ-সভাপতি হুমায়ূন আহমেদ পলক বলেন, মাদক গ্রহণের ফলে মানসিক অবসাদ, পড়াশোনায় অমনোযোগিতা, আগ্রাসী আচরণ তৈরি হয়। আমরা আমাদের ক্যাম্পাসে কোনো ধরনের মাদক কার্যক্রম চলতে দেব না। শিক্ষক, শিক্ষার্থী- সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও সুস্থ ক্যাম্পাস গড়ে তুলতে চাই।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক উলাচিং মারমা বলেন, বসুন্ধরা শুভসংঘের শিক্ষাবৃত্তির মাধ্যমে আমি আমার পড়াশোনা চালিয়ে যেতে পারছি। এই সহায়তা শুধু অর্থনৈতিক নয়, এটি আমাদের নৈতিকভাবে শক্ত হতে অনুপ্রাণিত করে। সমাজ গঠনে বসুন্ধরা গ্রুপের এই ভূমিকা অনুকরণীয়।
আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সুজন দাস। তিনি বলেন, মাদকাসক্ত ব্যক্তি নিজে যেমন ধ্বংস হয়, তেমনি পরিবার ও সমাজকেও বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক- সবার উচিত মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়া। গোবিপ্রবি শাখার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রেজওয়ানুল ইসলাম বলেন, এই ক্যাম্পাস আমাদের। এর শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্বও আমাদেরই। কোনো ধরনের অন্যায় বা মাদক সংশ্লিষ্ট কার্যক্রম আমরা সহ্য করব না। বসুন্ধরা শুভসংঘ সবসময় অন্যায়ের বিরুদ্ধে এবং শুভকাজে সবার পাশে থাকবে।
আলোচনা সভার শেষ পর্যায়ে নবনির্বাচিত সভাপতি মুজাহিদুল ইসলাম সাব্বির সংগঠনের বাৎসরিক কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার আশিকুর রহমান, তূর্যুর রহমান, এবং বিশ্ববিদ্যালয় শাখার জান্নাতুল, শামস তাবরেজ, উৎস সাহা, দেলোয়ার হোসাইন, কামরুন নাহার, রিংকি দাস, মহিউদ্দিন, তানভীর, দুর্জয় রায়, দুর্জয় কুন্ডু, শাহাবুদ্দিন, নিশান আহমেদ, শ্রাবণ, তন্ময় কুমার, চৈতি রায়, সজিব হাসান, একা হালদার ইতি, সামিউল ইসলামসহ আরও অনেকে।
মাদকমুক্ত ক্যাম্পাস গড়ার এই উদ্যোগ শিক্ষার্থী সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত সবাই।
বিডি-প্রতিদিন/তানিয়া