মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে বুধবার রোয়াংছড়ির ওয়াগয় পাড়া লাইব্রেরি হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইতিহাস স্মরণ, দেশপ্রেম জাগ্রত করা এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
বসুন্ধরা শুভসংঘ রোয়াংছড়ি উপজেলা শাখার সভাপতি শিমল তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় এলাকার প্রবীণ নাগরিক, সংগঠনের উপদেষ্টা, সম্পাদকমণ্ডলীর সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় প্রবীণ নাগরিক সুপ্রকাশ তঞ্চঙ্গ্যা। তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল আমাদের জাতীয় পরিচয় ও অস্তিত্ব রক্ষার সংগ্রাম। বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ না হলে আমরা আজ স্বাধীন বাংলাদেশের নাগরিক হতে পারতাম না। এই ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের সকলের দায়িত্ব।
আরেক প্রবীণ নাগরিক বিমল তঞ্চঙ্গ্যা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা কেবল স্মৃতিচারণে সীমাবদ্ধ থাকলে চলবে না। সততা, ন্যায়বিচার ও দেশপ্রেমের মাধ্যমে এই চেতনার বাস্তব প্রয়োগ ঘটাতে হবে। এ ধরনের আয়োজন সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করে।
বসুন্ধরা শুভসংঘ রোয়াংছড়ি উপজেলা শাখার উপদেষ্টা আপন তঞ্চঙ্গ্যা বলেন, মুক্তিযুদ্ধের চেতনার মূল ভিত্তি মানবতা, করুণা ও সমাজের প্রতি দায়িত্ববোধ। এই আদর্শকে সামনে রেখেই বসুন্ধরা শুভসংঘ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
সভাপতির বক্তব্যে শিমল তঞ্চঙ্গ্যা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কারণেই আমরা আজ স্বাধীনভাবে কথা বলতে পারছি। তরুণ সমাজকে ইতিহাস সম্পর্কে সচেতন করা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই আজকের আলোচনার মূল লক্ষ্য।
প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ্র তঞ্চঙ্গ্যা বলেন, মুক্তিযুদ্ধ সম্পর্কে সঠিক তথ্য প্রচারের মাধ্যমে দেশবিরোধী অপপ্রচার রোধ করা সম্ভব। সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব প্ল্যাটফর্মে এই ইতিহাস ছড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অমর রানী তঞ্চঙ্গ্যা, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক খুশি তঞ্চঙ্গ্যা, রিবেল তঞ্চঙ্গ্যা, দানু তঞ্চঙ্গ্যা, অন্তর তঞ্চঙ্গ্যা, পার্বতী তঞ্চঙ্গ্যা, অন্তরা তঞ্চঙ্গ্যা, রেনি তঞ্চঙ্গ্যা, চিত্রা তঞ্চঙ্গ্যা, সহদেব তঞ্চঙ্গ্যা, উত্তম তঞ্চঙ্গ্যা, সুপময় তঞ্চঙ্গ্যা, জুটি তঞ্চঙ্গ্যা, কাইন্দো মনি, কমলাদেবী তঞ্চঙ্গ্যা, পন্তো তঞ্চঙ্গ্যা, রিপন তঞ্চঙ্গ্যা প্রমুখ।
আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
বিডি-প্রতিদিন/তানিয়া