নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও নারীর ক্ষমতায়নে বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার উদ্যোগে বিশেষ আলোচনা সভা ও পোস্টার প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ইডেন মহিলা কলেজে এ আলোচনা সভার শিরোনাম ছিল 'নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা'।
আলোচনায় নারীর প্রতি সংঘটিত বিভিন্ন ধরনের সহিংসতা, এর সামাজিক ও পারিবারিক কারণ, সহিংসতার ভয়াবহ প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে তথ্যভিত্তিক আলোচনা করা হয়।
বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি ফারিয়া হক তাজিম বলেন, 'এ আলোচনার মাধ্যমে আমরা সবাই নারীর ক্ষমতায়ন সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি নারীর প্রতি সংঘটিত সহিংসতা প্রতিরোধের উপায় সম্পর্কে জ্ঞানলাভ করেছি। যা দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।'
তিনি আরও বলেন, নারীর প্রতি সহিংসতা শুধু নারীর একক সমস্যা নয়, এটি পুরো সমাজের সমস্যা। তাই সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় পোস্টার প্রদর্শনের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা বন্ধে জোরালো বার্তা তুলে ধরা হয়। প্রদর্শিত পোস্টারগুলোতে নারীর প্রতি শারীরিক, মানসিক, পারিবারিক ও সামাজিক সহিংসতার ভয়াবহ চিত্র ও ক্ষতিকর প্রভাব তুলে ধরা হয়।
এসব পোস্টারে লেখা ছিল— 'নারীর প্রতি সহিংসতা মানবতার বিরুদ্ধে অপরাধ', 'সম্মান দাও, সহিংসতা নয়', 'নারী নিরাপদ হলেই সমাজ নিরাপদ', 'সহিংসতা বন্ধ করো, অধিকার নিশ্চিত করো' ইত্যাদি।
কর্মসূচিতে জান্নাতুল ফেরদৌস, তাসলিমা, চুমকি খাতুন, জান্নাতুল মেঘলা, মোছা. সাহিদা খাতুন, আলপনা আক্তার, সুমাইয়া আক্তার, জ্যোতি আক্তার জুঁই, তাসনোভা তুশিন, উম্মে মাহফুজা তাবাসসুম, ইশরাত জাহান ইশা, সায়মা জান্নাত, সুমাইয়া সুহা ও তাহমিনা তাহুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীরা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।
বিডি-প্রতিদিন/এমই