বিজয়ের মাস উপলক্ষে সাহিত্যচর্চা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে অনুষ্ঠিত হয়েছে কবিতা পাঠের এক ব্যতিক্রমধর্মী আসর।
বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখার উদ্যোগে এবং মুসাফির ইশকুল (সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক পাঠশালা)-এর শিক্ষার্থীদের অংশগ্রহণে শুক্রবার (১৯ ডিসেম্বর) এ আয়োজন অনুষ্ঠিত হয়।
রেলস্টেশনের ব্যস্ত পরিবেশে আয়োজিত এই কবিতা পাঠের আসর যাত্রী, পথচারী ও স্থানীয় মানুষের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও দেশপ্রেমভিত্তিক কবিতার আবৃত্তিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের কণ্ঠে দেশাত্মবোধক কবিতা উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখার সভাপতি মো. ইমরান হোসেন বলেন,বিজয় দিবস আমাদের গৌরব ও আত্মত্যাগের স্মারক। কবিতার মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম জাগ্রত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
সংগঠনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বলেন, রেলস্টেশনের মতো জনসমাগমপূর্ণ স্থানে বিজয় দিবস উপলক্ষে কবিতা পাঠের আয়োজন করে আমরা স্বাধীনতার চেতনাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছি। সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণ এই আয়োজনকে আরও অর্থবহ করেছে।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য সদস্যরা জানান, সাহিত্য ও সংস্কৃতিচর্চার মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের দেশাত্মবোধক ও মানবিক আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
কবিতা পাঠের আসরে মুসাফির ইশকুল’র শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন কবিতা আবৃত্তি করে, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।
এ সময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখার দফতর সম্পাদক তানজিনা ইসলাম জেরিন, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ঝর্না হিয়া, ইভেন্ট সম্পাদক আরিফুল ইসলাম রাকিব, ক্রীড়া সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ কার্যকরী সদস্য ইভা খন্দকার, সিয়াম হাসান, জহিরুল ইসলাম, সিয়াম, রিমা ও বিথী।
বিডি-প্রতিদিন/মাইনুল