মহান বিজয় দিবস উপলক্ষে দ্বীপজেলা ভোলায় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোলা সদরে বসুন্ধরা শুভসংঘ আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুরা চিত্রকলার মাধ্যমে দেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক মুহূর্তগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেন।
প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং তারা বিজয়ের দিন, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রামসহ বাংলাদেশের ঐতিহ্যবাহী চিত্র তুলে ধরেন। চিত্রকর্মগুলোতে দেশপ্রেম, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের গৌরবময় মুহূর্ত এবং জাতীয় চেতনাকে ফুটিয়ে তোলা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ভোলা সদর উপজেলা শাখার উপদেষ্টা কৃষি কর্মকর্তা মো. তানজিলুর রহমান।
এসময় বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার সভাপতি মো. শাফায়াত হোসেন (সিয়াম), সহ-সভাপতি মীর আবিদ হোসেন রাফি, বসুন্ধরা শুভসংঘ ভোলা সদর উপজেলা শাখার সভাপতি মো. জিহাদ, সাধারণ সম্পাদক নূর ফাতেমা সহ বসুন্ধরা শুভসংঘের সদস্যরা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস শিশুদের কাছে তুলে ধরা এবং তাদের মধ্যে দেশপ্রেম, মানবিকতা ও সৃজনশীল চিন্তাভাবনা গড়ে তুলতে বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার সভাপতি মো. শাফায়াত হোসেন (সিয়াম) বলেন, বিজয় দিবসের গুরুত্ব এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাস স্মরণে, বিশেষ করে শিশুদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলার উদ্দেশ্যে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বিজয় দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিশুরা শুধু নিজেদের শিল্প প্রতিভা প্রকাশ করতে পারে না, বরং দেশপ্রেমের অনুভূতি আরও গভীরভাবে অনুভব করতে পারে।
বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার সহ-সভাপতি মীর আবিদ হোসেন রাফি বলেন, বর্তমান প্রজন্মের অনেক শিশু মুক্তিযুদ্ধের ঘটনাবলি সম্পর্কে বইয়ে পড়লেও অনুভব করার সুযোগ পায় না। চিত্রাঙ্কনের মতো সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে তারা ইতিহাসকে অনুভব করতে পারে এবং নিজেদের ভাবনাকে শিল্পের মাধ্যমে প্রকাশ করতে শেখে। এ ধরনের উদ্যোগ শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি নৈতিক মূল্যবোধ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বসুন্ধরা শুভসংঘ ভোলা সদর উপজেলা শাখার সভাপতি জিহাদ বলেন, শিশুদের সৃজনশীলতা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এর মাধ্যমে তারা নিজেদের অনুভূতি ও চিন্তাভাবনা সহজেই প্রকাশ করতে পারে। বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি শিশু-কিশোরদের মানসিক ও নৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক বিভাগে প্রথম স্থান অধিকার করে সুমাইয়া আক্তার, দ্বিতীয় স্থান অধিকার করে মেঘা, তৃতীয় স্থান অধিকার করে আশরাফুল ইসলাম, খ বিভাগে প্রথম স্থান অধিকার করে তাসকিন আহমেদ, দ্বিতীয় স্থান অধিকার করে ফারিহা আক্তার, তৃতীয় স্থান অধিকার করে তৃপ্তি আক্তার।
বসুন্ধরা শুভসংঘ ভোলা সদর উপজেলা শাখা আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও প্রতিযোগিতায় সকল অংশগ্রহণকারীদেরকে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে বিশেষ উপহার প্রদান করা হয়।
বসুন্ধরা শুভসংঘের সদস্যরা বলেন, বিজয় দিবসের মর্মবাণী এবং ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে, আগামীতে আরো বড় আয়োজনে শিশুদের এবং তরুণদের নিয়ে কাজ করা হবে।
বিজয় দিবস উপলক্ষে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করায় বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানান অংশগ্রহণকারী শিশুরা।
অভিভাবকরা বলেন, দেশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা নিবেদন ও মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার একটি সুন্দর উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ, ভোলা সদর উপজেলা শাখা।
বিডি-প্রতিদিন/মাইনুল