সুবিধাবঞ্চিত ও অসচ্ছল নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে তিন মাসব্যাপী দর্জি প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ যশোরের মনিরামপুর ও কেশবপুর উপজেলা শাখা। শনিবার সকালে মনিরামপুর ফাজিল মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘের মনিরামপুর উপজেলার সভাপতি এসএম হাফিজুর রহমানের সভাপতিত্বে ও দৈনিক কালের কণ্ঠের মনিরামপুর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ বাবুল আকতারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা সমাজসেবা অফিসার মো. আলমগীর হোসেন।
মো. আলমগীর হোসেন বলেন, নারীদের দক্ষ করে গড়ে তুলতে পারলে পরিবার ও সমাজে টেকসই পরিবর্তন আসে। বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলা মহিলা বিষয়ক অফিসার মৌসুমি আক্তার, বসুন্ধরা শুভসংঘের পরিমনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু এবং মনিরামপুর ফাজিল মাদ্রাসার সভাপতি ও পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মুহিব বুল্ল্যাহ, বসুন্ধরা শুভসংঘের কেশবপুরের সভাপতি শফি খন্দকার, সাধারণ সম্পাদক অসীম কুমার ঘোষ, মনিরামপুর বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকাশ, দর্জি প্রশিক্ষক মেহেজাবিন রীতা, দৈনিক কালের কণ্ঠের কেশবপুর উপজেলা প্রতিনিধি নুরুল ইসলাম খানসহ বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মকর্তারা।
বক্তারা বলেন, সেলাই মেশিন শুধু একটি উপকরণ নয়- এটি নারীদের স্বপ্ন, আত্মসম্মান ও স্বাবলম্বী জীবনের পথচলার প্রতীক।
অনুষ্ঠানে শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, বসুন্ধরা গ্রুপ দেশের নারী উন্নয়ন, শিক্ষাবৃত্তি, গৃহহীনদের জন্য ঘর নির্মাণসহ অসংখ্য মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে নিবেদিতভাবে কাজ করছে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এই উদ্যোগ আমাদের অব্যাহত প্রচেষ্টার অংশ। ভবিষ্যতে নারীদের দক্ষতা বৃদ্ধিতে এমন আরও উদ্যোগ গ্রহণ করা হবে।
প্রশিক্ষণপ্রাপ্ত ইশরাত জাহান মুক্তি আবেগঘন কণ্ঠে বলেন, এই প্রশিক্ষণ ও সেলাই মেশিন আমাদের জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। এখন আমরা নিজেদের পায়ে দাঁড়াতে পারবো।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/তানিয়া