পিরোজপুরের স্বরূপকাঠিতে শীতার্ত এতিম শিশু ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ স্বরূপকাঠি উপজেলা শাখা। রবিবার সকালে স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন ওয়ার্ডের এতিম শিশু ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়।
শুভসংঘের সদস্যরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে সেখানকার শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় শীতার্ত এতিম শিশু ও অসহায় পরিবারের হাতে কম্বল তুলে দেন কালের কণ্ঠের প্রতিনিধি ও উপজেলা শুভসংঘের উপদেষ্টা হযরত আলী হিরু, সহ সভাপতি মো. আকতার হোসেন, সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক ও প্রধান শিক্ষিকা সীমা রানী হালদার, যুগ্ম সম্পাদক মাসুদুল আলম অপু, সাংগঠনিক সম্পাদক মো.মোস্তাকিম বিল্লাহ রাজু, সহ সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মাহমুদ, অর্থ বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ, ক্রীড়া সম্পাদক মো. নাসির আহম্মেদ রফিক, নারী ও শিশু বিষয়ক সম্পাদক উম্মে কুলসুম হাসি, সহ সাংস্কৃতিক সম্পাদক মুগ্ধ হাসান ও সদস্য রিমি ইসলাম।
শুভসংঘের কম্বল পেয়ে পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা পুতুল রানী বলেন, আমরা গরিব মানুষ আমার বাবা হারা নাতনিকে শুভসংঘ কম্বল দিয়েছে এই শীতে ওর কষ্ট হবে না।
পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা মাকসুদা বেগম বলেন, আমার অসুস্থ স্বামী ভিক্ষা করে এবং আমি অন্যের বাসায় কাজ করে খুব কষ্টে খেয়ে পরে বেঁচে আছি। আমার প্রতিবন্ধী ছেলেটাকে শুভসংঘ কম্বল দিয়েছে আল্লাহ তাদের মঙ্গল করুক।
সোহাগদল ইউনিয়নের বাসিন্দা মাহফুজা বেগম বলেন, আমার দিনমজুর স্বামীর আয়ে খুব কষ্টে আমাদের সংসার চলে। নতুন কম্বল কেনার সামর্থ্য আমাদের নাই। শুভসংঘের কল্যাণে নতুন কম্বল পেয়ে খুব আনন্দ লাগছে।
এ বিষয়ে উপজেলা শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠের প্রতিনিধি হযরত আলী হিরু বলেন, সারাদেশে বসুন্ধরা শুভসংঘ সামাজিক, মানবিক ও সহযোগিতামূলক নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে হাজার হাজার দরিদ্র অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করে আসছে। এরই ধারাবাহিকতায় শুভসংঘ স্বরূপকাঠি শাখার পক্ষ থেকে উপজেলায় শীতার্ত এতিম শিশু ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/তানিয়া