কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকদের মধ্যে 'দায়িত্বশীল পর্যটন' বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে নির্দেশিকা বিতরণ করেছেন বসুন্ধরা শুভসংঘ কুয়াকাটা পৌর শাখার স্বেচ্ছাসেবকরা।
সোমবার সৈকতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যটকদের হাতে এই নির্দেশিকা তুলে দেওয়া হয়। পাশাপাশি পর্যটকদের পরিবেশ সংরক্ষণ, স্থানীয় সংস্কৃতি ও মানুষের প্রতি সম্মান প্রদর্শন এবং টেকসই ভ্রমণ অভ্যাসের বিষয়ে সচেতন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কুয়াকাটা পৌর শাখার সভাপতি মো. সাইদুর রহমান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সহ-সভাপতি হোসাইন আমির, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক আল-আমীন, সদস্য, রাসেল, সোলায়মানসহ অন্যরা।
মো. সাইদুর রহমান বলেন, কুয়াকাটায় অপরিকল্পিত ও অসচেতন পর্যটনের ফলে পরিবেশ দূষণ ও প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ছে। সেজন্য পর্যটকদের মাঝে দায়িত্বশীল পর্যটনের বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ। ভবিষ্যতেও শুভসংঘের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
নির্দেশিকায় সৈকতে ময়লা না ফেলতে, প্লাস্টিক ও পলিথিন ব্যবহার কমানো, সামুদ্রিক প্রাণী ও উপকূলীয় পরিবেশ রক্ষা, স্থানীয় আইন-কানুন মেনে চলা ও পর্যটন সম্ভাবনা টিকিয়ে রাখার কথা তুলে ধরা হয়।
নির্দেশিকা পেয়ে সন্তোষ প্রকাশ করেন পর্যটকরা। তারা জানান, এ ধরনের উদ্যোগ ভ্রমণকে আরও সচেতন ও অর্থবহ করে তুলবে।
বিডি-প্রতিদিন/এমই