মহান বিজয়ের মাস উপলক্ষ্যে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে দিনাজপুরের চিরিরবন্দরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার চিরিরবন্দর উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখা এ আয়োজন করে।
প্রতিযোগিতায় উপজেলার মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও রিয়াজুল মাদিনা ইসলামি স্কুলের ৩০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধ, শহীদদের আত্মত্যাগ, জাতীয় পতাকা, বিজয়ের আনন্দ ও স্বাধীন বাংলাদেশের স্বপ্নকে ক্যানভাসে রং ও তুলির ছোঁয়ায় ফুটিয়ে তোলে। যা উপস্থিত দর্শনার্থীদের মন কাড়ে।
মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, 'বিজয়ের মাসে বসুন্ধরা শুভসংঘের এমন প্রতিযোগিতা আয়োজন সত্যিই প্রশংসনীয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকশিত হবে, তারা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারবে। আয়োজকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ।'
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. মোকছেদ আলী, চারুকলা বিভাগের সহকারী শিক্ষিকা মুনমুন আক্তার, বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার সভাপতি মোস্তাকিম আল হাসনাত, সহ-সাংগঠনিক সম্পাদক চঞ্চল রায়, কার্যকরী সদস্য নাজমুল ইসলাম, পারভেজসহ সংগঠনের অন্যান্য সদস্য, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
আয়োজকরা জানান, বিজয়ের মাসজুড়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে শিশু-কিশোরদের মাঝে দেশপ্রেম, মানবিকতা ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়াই বসুন্ধরা শুভসংঘের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শুভসংঘের এ ধরনের সৃজনশীল ও শিক্ষামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/এমই