গাইবান্ধার পলাশবাড়ীতে মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বদ্ধভূমি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বসুন্ধরা শুভসংঘ। গতকাল রবিবার পলাশবাড়ী এস এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের বদ্ধভূমি প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে শহীদ মুক্তিযোদ্ধাদের অসামান্য আত্মত্যাগ ও দেশের স্বাধীনতা অর্জনে তাদের অবদানের কথা স্মরণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আলোচনা সভা শেষে বদ্ধভূমি প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।
বাংলাদেশ প্রেস ক্লাব পলাশবাড়ী উপজেলা শাখার কার্যালয়ে আলোচনায় বক্তারা বলেন, বদ্ধভূমি শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, এটি জাতির আত্মত্যাগ ও চেতনার প্রতীক। এসব পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব। তারা বলেন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস ও দেশপ্রেমের চেতনা আরও সুদৃঢ় করা সম্ভব।
আলোচনা সভায় বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও সাংবাদিক ফজলুল হক দুদুর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন পল্লী অগ্রগতি সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মোছা. লিপি খাতুন। এ ছাড়া বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা মোছা. সাবিনা ইয়াসমিন, পবনাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কেএম আনিছুর রহমান মানিক, পলাশবাড়ী মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ ও বাংলাদেশ প্রেস ক্লাব পলাশবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিথুন।
অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘের বিভিন্ন পর্যায়ের সদস্যরা, শিক্ষার্থী, সাংবাদিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীরা এ ধরনের মানবিক ও দেশপ্রেমমূলক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও নিয়মিত এমন কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।
বিডি-প্রতিদিন/এমই