শীতের তীব্রতা বাড়তে থাকায় দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে গাইবান্ধা সদর উপজেলা শাখার আয়োজনে দরিদ্র মানুষের মাঝে নতুন শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের একটি গুচ্ছ গ্রামে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। কনকনে শীতে যখন নিম্নআয়ের মানুষগুলো চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে, তখন বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ তাদের মাঝে কিছুটা হলেও স্বস্তি এনে দেয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা সদর উপজেলা শাখার সভাপতি মো. ছামিউল বাসির, সাধারণ সম্পাদক মো. আশিদুল ইসলাম, দপ্তর সম্পাদক সাকিব হাসান শুভ, সদস্য মো. নাসির হোসাইন ও লাল মিয়াসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবকরা।
এ সময় সভাপতি মো. ছামিউল বাসির বলেন, ‘শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘব করাই আমাদের প্রধান লক্ষ্য। বসুন্ধরা শুভসংঘ সবসময় মানবিক কাজের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’
সাধারণ সম্পাদক মো. আশিদুল ইসলাম বলেন, ‘মানবতার সেবায় কাজ করাই বসুন্ধরা শুভসংঘের মূল উদ্দেশ্য। সংগঠনের সহায়তায় আমরা এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছি। সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসা প্রয়োজন, তাহলেই একটি মানবিক সমাজ গড়ে উঠবে।’
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবছর শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে বসুন্ধরা শুভসংঘ নিয়মিতভাবে নানা মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় গাইবান্ধা সদর উপজেলাতেও এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হলো।
বিডি-প্রতিদিন/তানিয়া