‘খাদ্য নিরাপদ, জীবন নিরাপদ’ প্রতিপাদ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বসুন্ধরা শুভসংঘ রূপগঞ্জ থানা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ভেজাল খাদ্যের ভয়াবহতা ও সুষম খাদ্যের গুরুত্ব তুলে ধরা হয়।
সমাবেশে অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ভেজাল খাদ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানান। প্ল্যাকার্ডগুলোতে ‘ভেজালমুক্ত খাদ্য আমাদের অধিকার’, ‘সুষম খাদ্যই সুস্থ জীবনের চাবিকাঠি’, ‘ভেজাল রুখে দিন, জীবন বাঁচান’, ‘ভেজাল খাদ্য মানেই ধীর মৃত্যুর পথে যাত্রা’-এমন নানা সচেতনতামূলক বার্তা ফুটে ওঠে।
সচেতনতামূলক সমাবেশটি অনুষ্ঠিত হয় বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগরের সমন্বয়ক আবদুল হান্নান মিলটন-এর দিকনির্দেশনায়। এতে বসুন্ধরা শুভসংঘ রূপগঞ্জ থানা শাখার সভাপতি মো. আহসানুল হক-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিমন রহমান-এর নেতৃত্বে কর্মসূচি বাস্তবায়িত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে বাজারে ভেজাল খাদ্যের দৌরাত্ম্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। ফল, সবজি, মাছ, মাংস, দুধ, মসলা থেকে শুরু করে প্রায় প্রতিটি খাদ্যপণ্যে ভেজালের উপস্থিতি মানুষের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। খাদ্যে ভেজাল শুধু তাৎক্ষণিক শারীরিক অসুস্থতার কারণ নয়, বরং ক্যানসার, কিডনি রোগসহ দীর্ঘমেয়াদি নানা জটিল রোগের ঝুঁকি বাড়াচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
বক্তারা আরও বলেন, ভেজাল রোধে বিদ্যমান আইন থাকলেও তার যথাযথ প্রয়োগ না হওয়ায় অসাধু ব্যবসায়ীরা পার পেয়ে যাচ্ছে। তাই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং জোরদার করা, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম বৃদ্ধি এবং ভেজালকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে।
এ সময় বক্তারা খাদ্য উৎপাদন থেকে বিপণন পর্যন্ত প্রতিটি ধাপে কঠোর নজরদারি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হয়ে নিরাপদ খাদ্য বেছে নেওয়া এবং ভেজালের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইয়াছির মাহমুদ, রিজভী, সাগির মোহাম্মদ, আলামিন, তানজীল, দিদার, সাব্বির, নাঈম, নয়ন, নাইজুল, মিরাজসহ বসুন্ধরা শুভসংঘ রূপগঞ্জ থানা শাখার অন্যান্য সদস্যরা।
বিডি-প্রতিদিন/তানিয়া