শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ছে শিশুরা। এ পরিস্থিতিতে শিশুদের সুস্থ ও নিরাপদ রাখতে অভিভাবকদের সচেতন করতে বরগুনায় সচেতনতামূলক প্রচারণা কর্মসূচির আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ।
বুধবার সকালে বরগুনা জেনারেল হাসপাতালে বসুন্ধরা শুভসংঘ, বরগুনা জেলা শাখার উদ্যোগে ‘ঠান্ডাজনিত রোগ থেকে শিশুদের নিরাপদ রাখতে করণীয় ও সচেতনতা’ শীর্ষক প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচির আওতায় হাসপাতালে শিশুদের অভিভাবকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এতে শীতকালে শিশুদের কীভাবে সুরক্ষিত রাখা যায়, কোন লক্ষণগুলো ঝুঁকিপূর্ণ এবং কখন দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন-এসব বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, শীতকাল এলেই শিশুদের ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বহুগুণে বেড়ে যায়। শীতকালে শুষ্ক আবহাওয়া ও ধুলাবালির প্রভাবে শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায়। ফলে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে বেশি থাকে। শুধু সন্ধ্যা নয়, সারাদিনই হিমেল হাওয়া বইছে। রোদের তীব্রতা কম থাকায় ঠান্ডা সহজে দূর হচ্ছে না। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।
বসুন্ধরা শুভ সংঘ, বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক সাকিব মাহমুদ বলেন, ‘শীতকালে শিশুদের কুয়াশা ও ঠান্ডা বাতাস থেকে দূরে রাখা অত্যন্ত জরুরি। শিশুদের গরম কাপড়, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং সামান্য অসুস্থতাতেও দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। অভিভাবকদের সচেতনতার মাধ্যমেই শিশুদের ঠান্ডাজনিত রোগ থেকে রক্ষা করা সম্ভব।’
বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক তাসকিয়া সিদ্দিকী বলেন, ‘শীতকালে শিশুদের ক্ষেত্রে সর্দি-কাশি, জ্বর বা শ্বাস নিতে কষ্ট হলে তা অবহেলা করা উচিত নয়। বিশেষ করে নবজাতক ও কম বয়সী শিশুদের নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। শিশুদের নিয়মিত গরম পোশাক পরানো, বুক ও পা ঢেকে রাখা, পরিষ্কার খাবার ও পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করা জরুরি। কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ, বরগুনা জেলা শাখার সদস্য সাইদুর রহমান, আলআমিন, সামছুর রহমান, কালের কণ্ঠের বরগুনা প্রতিনিধি মিজানুর রহমান, বাংলানিউজ২৪ বরগুনা প্রতিনিধি জাহিদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্য।
বিডি-প্রতিদিন/তানিয়া