বিজয়ের মাস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে মাদারীপুরের শিবচর উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উপজেলার উমেদপুর এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে রাস্তার ধারে শতাধিক তালের চারাসহ বিভিন্ন বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। এতে অংশ নেন স্থানীয় শিকদারবাড়ি প্রি-ক্যাডেট হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীরা।
শিকদারবাড়ি প্রি-ক্যাডেট হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম বলেন, বসুন্ধরা শুভসংঘের এ বৃক্ষরোপণ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সংগঠনটি শিবচরে নিয়মিত সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। মহান আল্লাহ যেন তাদের এই মহতী প্রচেষ্টা কবুল করেন।
বসুন্ধরা শুভসংঘ শিবচর উপজেলা শাখার সভাপতি এখলাছ উদ্দিন চুন্নু বলেন, তালগাছ পরিবেশবান্ধব একটি গাছ। এটি মাটির ক্ষয় রোধ করে, ছায়া প্রদান করে এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে তালগাছ বজ্রপাত প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখে। উঁচু ও এককভাবে অবস্থানকারী তালগাছ বজ্রপাতের ঝুঁকি কমাতে কার্যকর। তাই আমরা এই এলাকায় তালের চারা রোপণের উদ্যোগ নিয়েছি। এতে একদিকে যেমন সড়ক দৃষ্টিনন্দন হবে, অন্যদিকে স্থানীয় মানুষ নানাভাবে উপকৃত হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক এস.এম. দেলোয়ার হোসাইন বলেন, বসুন্ধরা শুভসংঘ শিবচর উপজেলা শাখা নিয়মিত বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এর অংশ হিসেবে প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ, স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে দোকানে পণ্য ক্রয়সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের সদস্য সচিব লিটন শিকদার, বসুন্ধরা শুভসংঘ সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক ইশরাকুর রহমান, আলমগীর হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আরফিন মোহাম্মদ সজিব, নারী বিষয়ক সম্পাদক মেঘলা আক্তারসহ মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/মাইনুল