‘টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় রৌমারী উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ রৌমারী উপজেলা কমিটির সভাপতি মাসুদ পারভেজ রুবেল। সভার শুরুতে তিনি সংগঠনের কার্যক্রম ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, “টেকসই উন্নয়ন শুধু অবকাঠামো বা অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয়, এর মূল ভিত্তি হলো সচেতন ও দায়িত্বশীল সমাজ গঠন। সামাজিক সচেতনতা ছাড়া শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও মানবিক উন্নয়ন সম্ভব নয়। বসুন্ধরা শুভসংঘ সেই সচেতন সমাজ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, “রৌমারী উপজেলার মতো প্রান্তিক অঞ্চলে দারিদ্র্য, স্বাস্থ্যঝুঁকি, শিক্ষার অভাব ও পরিবেশগত সমস্যাগুলো প্রকট। এসব সমস্যা সমাধানে তরুণ সমাজকে সম্পৃক্ত করে সংগঠিত উদ্যোগ গ্রহণ করতে হবে। শীতকালীন মানবিক কার্যক্রমের পাশাপাশি আমরা আগামী দিনে শিক্ষা সহায়তা, স্বাস্থ্য সচেতনতা, পরিবেশ রক্ষা ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে আরও কার্যকর ভূমিকা রাখব।”
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বসুন্ধরা শুভসংঘ রৌমারী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার লেবু। তিনি বলেন, “বসুন্ধরা শুভসংঘ একটি স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন, যার মূল লক্ষ্য সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো। টেকসই উন্নয়নের জন্য সামাজিক সচেতনতা সৃষ্টি অপরিহার্য। শীত মৌসুমে শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে আমরা সম্মিলিতভাবে কার্যকর কর্মসূচি গ্রহণ করব।”
তিনি আরও বলেন, “তরুণ সমাজকে মানবিক ও সামাজিক কাজে সম্পৃক্ত করাই আমাদের বড় শক্তি। আগামী দিনে শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বসুন্ধরা শুভসংঘের ভূমিকা আরও জোরদার করা হবে। এ লক্ষ্যে সব সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।”
সভায় আরও বক্তব্য রাখেন বসুন্ধরা শুভসংঘ রৌমারী উপজেলা কমিটির সহসভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম, ধর্ম বিষয়ক সম্পাদক সোলাইমান হোসেন, কার্যকরী সদস্য মিশুক মিয়া, মেহেদী হাসান ও রাহিম রেজওয়ান।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “বসুন্ধরা শুভসংঘ একটি ইতিবাচক সামাজিক পরিবর্তনের প্ল্যাটফর্ম। সংগঠনের মাধ্যমে সমাজের নানা সমস্যা- দারিদ্র্য, বেকারত্ব, সামাজিক অবক্ষয়, মাদক ও পরিবেশ দূষণের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা সম্ভব। শীতকালীন মানবিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক সমস্যা নিরসনে সংগঠিত ও পরিকল্পিতভাবে কাজ করতে হবে।”
তারা আরও বলেন, নিয়মিত আলোচনা সভা, পরিকল্পনা গ্রহণ ও স্বচ্ছ বাস্তবায়নের মাধ্যমে বসুন্ধরা শুভসংঘ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হবে।
সভা শেষে সর্বসম্মতিক্রমে আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিডি-প্রতিদিন/তানিয়া